চট্টগ্রামে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মিসভা চলাকালে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, আগ্রাবাদ কমিউনিটি সেন্টারে গতকাল বিকেলে ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মিসভা ছিল। কর্মিসভার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মিসভা চলাকালে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা ও দা-কিরিচ নিয়ে সভাস্থলে ঢুকলে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে কমিউনিটি সেন্টারের বাইরে এসে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সড়কে যান চলাচল কমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।
১৫ মিনিট ধরে এই সংঘর্ষ চলে বলে জানান ঘটনার প্রত্যক্ষদর্শী ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, এই পরিস্থিতিতে কর্মিসভা পণ্ড হয়ে যায়। অতিথিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘যুবলীগের দুই পক্ষে দা-কিরিচ নিয়ে মারামারিতে লিপ্ত হয়। ১০ মিনিট ধরে এই গণ্ডগোল চলে। এতে তেমন কেউ আহত হয়নি।’