চট্টগ্রামে রাতে গাড়ি ভাঙচুর, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে গোলপাহাড় মোড় এলাকা পর্যন্ত ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জিইসি মোড় এলাকায় নিউ স্টার ল্যাব নামের একটি রোগনির্ণয়কেন্দ্রেও ভাঙচুর চালানো হয়। আজ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, নগরের বন্দরটিলায় এলাকায় আজ সন্ধ্যার দিকে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে স্থানীয় লোকদের হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে রাতে এই কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড় থেকে গোল পাহাড় পর্যন্ত কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
ওসি আজিজ আহমেদ বলেন, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে বন্দরটিলা এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নগরের গোলপাহাড় মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি দেখা গেছে। এর মধ্যে একটি ছিল ইনডিপেনডেন্ট টিভির গাড়ি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকেরা কমপক্ষে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করেন। তাঁদের হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোগনির্ণয়কেন্দ্র নিউ ল্যাব স্টারের আইটি প্রকৌশলী এস এম কায়সার প্রথম আলোকে বলেন, সাত-আট জন যুবক কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের কাচ, চিকিৎসকের কক্ষ, অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করে। এই সময় কেন্দ্রের ভেতরে থাকা প্রায় ৩০ জন রোগী ও তাঁদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ দিকে এই ব্যাপারে মন্তব্য জানতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি তা ধরেননি।