চট্টগ্রামে রাতে পুলিশ ক্যানটিন ভাঙচুর এএসআইসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের বিল নিয়ে বচসার জের ধরে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়-সংলগ্ন পুলিশ ক্যানটিনে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ক্যানটিনের এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের কাছ থেকে ইজারা নিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনায় পার্ক ভিউ পুলিশ ক্যানটিন চালানো হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যানটিনের দরজা ভাঙা। ভেতরে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা চেয়ার-টেবিল। মেঝেতে রক্তের দাগও দেখা যায়।
ক্যানটিনের ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে ক্যানটিনের ভেতর চা-নাশতার বিল নিয়ে সাত-আটজন তরুণের সঙ্গে কর্মচারীর বচসা হয়। তখন তরুণদের তর্ক না করে চলে যেতে বলা হয়। তারা বিল দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ২০-৩০ জন তরুণ ক্যানটিনে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। তারা ক্যানটিনের দরজা, চেয়ার, টেবিল, থালাবাসন ভেঙে ফেলে। ভাঙচুরের পর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের পেছনের রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়।
আনোয়ার হোসেন বলেন, ‘হামলাকারী তরুণদের আগে কখনো এই এলাকায় আড্ডা দিতে দেখিনি।’
হামলায় আহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ভাত খেতে ক্যানটিনে ঢুকছিলাম। কিন্তু হামলাকারীরা আমার দিকে চেয়ার ও ঢিল ছুড়ে মারে। এতে ডান কানের নিচের অংশ কেটে গেছে।’ হামলাকারীদের মারধরে মাথায় আঘাত পান ক্যানটিনের কর্মচারী মো. জসিম।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, পুলিশ ক্যানটিনে হামলার ঘটনায় দুই ক্রিমিনালকে (সন্ত্রাসী) আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।