চট্টগ্রামে রানীর দীঘিতে ড্রামের ভেতর লাশ
গোসল সেরে পাড়ে ওঠার সময় পায়ে কী যেন আটকায়। কৌতূহলী হয়ে এক ব্যক্তি একটু নিচু হয়ে হাত দিয়ে দেখেন টিনের ড্রাম। এলাকায় বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে হাজির হন নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা, ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানার পুলিশ। ড্রামটি পাড়ে তুলে পুলিশ দেখে, এর ভেতর এক ব্যক্তির লাশ। ততক্ষণে পাড়ে হাজির হয় শত শত উৎসুক লোক। গতকাল রোববার বিকেলে নগরের এনায়েত বাজারের রানীর দীঘি এলাকায় এই ঘটনা ঘটেছে।
এর আগে চলতি বছরের ৩ মে ওই দীঘিতে গোসল করতে নেমে এক কিশোর একটি প্যাকেটে মোড়ানো ১০০টি গুলির সন্ধান দেয় পুলিশকে। গুলিগুলো পয়েন্ট টুটু বোর পিস্তলের। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। বর্তমানে নগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ড্রামের ভেতর বোমা আছে কি না, পরীক্ষার জন্য নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা হাজির হন। সবার উপস্থিতিতে রশি দিয়ে ড্রামটি পাড়ে তোলা হয়। ড্রামটির একপাশে টিন, আরেক পাশে সিমেন্ট দিয়ে আটকানো। যেদিকে টিন রয়েছে, ওই দিকে কাটা হয়। কেটে দেখা যায়, ড্রামের ভেতর উপুড় করে রাখা হয়েছে ৩০ বছর বয়সী এক ব্যক্তির লাশ। লাশের সঙ্গে ইট–সিমেন্টও রাখা হয়। যাতে ড্রামটি পানিতে না ভাসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
সহকারী কমিশনার জাহাঙ্গীর আলমের ধারণা, ১০ থেকে ১৫ দিন আগে লাশটি ড্রামের ভেতর ঢোকানো হয়। রানীর দিঘিতে ড্রামটি কখন ফেলে দেওয়া হয়েছে, তা জানা যায়নি। স্থানীয় লোকজনও স্পষ্ট করে কিছুই বলতে পারেনি। রানীর দিঘির চার পাড়ে চলাচলের রাস্তা রয়েছে। আশপাশে বসতি। কীভাবে ড্রামটি দিঘিতে এল, তা বের করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য রাসিব খান প্রথম আলোকে বলেন, ড্রামের ভেতর বোমা আছে মনে করে সেগুলো নিষ্ক্রিয় করতে তাঁরা সেখানে যান। পরে লাশ দেখে ফেরত আসেন।