চট্টগ্রামে রোগ নির্ণয়ের চারটি কেন্দ্রকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং বেল ভিউ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
চিটাগাং বেল ভিউ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় রোগনির্ণয়ের চারটি কেন্দ্রকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। দক্ষ ও প্রশিক্ষিত জনবল না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রাসায়নিক বিকারক) ব্যবহারের অভিযোগে এই জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তাঁকে সহায়তা করেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।

র‍্যাব সূত্র জানায়, অভিযানে রোগনির্ণয় কেন্দ্র সেনসিভকে ১০ লাখ টাকা, চিটাগাং বেল ভিউ লিমিটেডকে পাঁচ লাখ টাকা, ডায়াসনিক ডায়াগনস্টিক কমপ্লেক্স লিমিটেডকে দুই লাখ টাকা এবং ল্যাব এক্সপার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, রোগনির্ণয় কেন্দ্রগুলোতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেই। এ ছাড়া রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছে। যা জনস্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর। এসব কারণে চারটি রোগনির্ণয় কেন্দ্রকে আর্থিক জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে অভিযানের সময় রোগনির্ণয় কেন্দ্র সেনসিভে প্রবেশ করেই রক্তের নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ওই ব্যক্তি তাঁকে জানান, তিনি মানবিক শাখা থেকে এসএসসি পাস করেছেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রের পরীক্ষাগারগুলো ঘুরে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পান। সেনসিভের ব্যবস্থাপক সুকুমার চক্রবর্তী ও দায়িত্বরত চিকিৎসকেরা এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বেলভিউ লিমিটেডের পাঁচজন টেকনিশিয়ানের কেউই এসএসসির গণ্ডি পেরোতে পারেননি। তা ছাড়া তাঁরা পড়াশোনা করেছেন মানবিক বিভাগে। ডায়াসনিকেরও দক্ষ জনবল নেই এবং এই রোগনির্ণয় কেন্দ্রের লাইসেন্স নবায়ন করা হয়নি। অবশ্য ল্যাব এক্সপার্টের অবস্থা মন্দের ভালো। কিন্তু সেখানেও দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে।