চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দায়ের হওয়া চারটি মামলায় মন্ত্রিসভা থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী নূরে হুদা প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গত ১ অক্টোবর মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবীসহ চার ব্যক্তি চারটি মামলা দায়ের করেন। আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে তাঁকে হাজির হওয়ার জন্য ২৩ অক্টোবর তারিখ ধার্য করেন। কিন্তু ধার্য তারিখে আজ লতিফ সিদ্দিকী হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর তাঁকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।