চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামে এক লাখ তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৌরভ বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টারও উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নগরের কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকার একটি হোটেলের সামনে থেকে সৌরভ বিশ্বাসকে এক হাজার টাকার ৩২টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে ওই এলাকায় তাঁর ফোন-ফ্যাক্সের দোকান থেকে এক হাজার টাকার আরও ৭১টি নোট উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকাগুলো বিক্রির জন্য হোটেলের সামনে অপেক্ষা করার কথা স্বীকার করেছেন সৌরভ। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।