চট্টগ্রামে শিক্ষক লাঞ্ছিত
এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের খাজা আজমেরী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে দশম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন। এ সময় বাইরে থেকে এসে প্রায় ২০ জন শিক্ষার্থী ও অভিভাবক তাঁর ওপর হামলা চালান। এ সময় ক্লাসের শিক্ষার্থীরা শিক্ষককে রক্ষায় ছুটে এলে তাঁরা চলে যান। পরে ওই শিক্ষককে নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেমন আরা বেগম সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ওই সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বাসায় ছিলাম। তাই কারা এ হামলা করেছে, তা জানি না।’
চট্টগ্রামের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনী পরীক্ষায় ফেল করা কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক ওই হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেমন আরা বেগম জানান, আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গত অক্টোবরে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল ঘোষণা করা হয় নভেম্বরের প্রথম দিকে। এই পরীক্ষায় ৫০ জন ফেল করেছে। তাই তাদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি।