চট্টগ্রামে শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে চট্টগ্রামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নগরের আন্দরকিল্লা এলাকা থেকে এনামুল হক (২৮) নামের ওই শিবিরের কর্মীকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করেন এনামুল হক। এ ছাড়া তিনি কুরুচিপূর্ণ মন্তব্যও প্রচার করেন। খবর পেয়ে নগরের আন্দরকিল্লা এলাকা থেকে এনামুলকে একটি মুঠোফোনসহ গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। তাঁকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ফেসবুকের আইডি অনেকেই জানে। হয়তো তাদের কেউ পোস্টগুলো দিয়েছে।’ তাঁর দাবি, তিনি শিবির কর্মী নন।
এনামুল হকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। নাশকতার অভিযোগে পাঁচলাইশ থানায় করা একটি মামলায় ২০১৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।