চট্টগ্রামে শিবিরের নেতাসহ গ্রেপ্তার ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবসহ বিএনপি-জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত নগর ও জেলা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে জানান, নগরের চকবাজার এলাকা থেকে চমেক ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা গত রোববার রাত আটটার দিকে নগরের পাঁচলাইশ হামজারবাগ এলাকায় গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাতজন বিএনপির কর্মী। বাকিরা জামায়াত–শিবিরের।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পাঁচলাইশ থানা-পুলিশ বিএনপির এক কর্মীকে, ইপিজেড থানা জামায়াতের এক কর্মীকে এবং আকবর শাহ থানা-পুলিশ বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে।