চট্টগ্রামে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
আটতলার ফ্ল্যাট থেকে পড়ে চট্টগ্রামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের মেহেদীবাগ এলাকার একটি ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহকর্মী বালি আক্তার ওরফে কলির (১৪) বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। ২০ দিন আগে সে মেহেদীবাগ এলাকার ওই বহুতল ভবনের অস্টম তলার একটি ফ্ল্যাটে কাজে যোগ দেয়।
গতকাল সকালে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা গেছে, শিশুটির মা-বাবাসহ স্বজনেরা গ্রাম থেকে এসে বিলাপ করছেন।
শিশুটির বাবা নুরুল আলম বলেন, পালাতে গিয়ে বারান্দা থেকে পড়ে তার মেয়ের মৃত্যু হয়েছে এমনটি শুনেছেন। অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি না, তা তিনি জানেন না। তবে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।
ভবনের নিরাপত্তা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ভোরে হঠাৎ শব্দ শুনে ভবনের নিচে এসে দেখেন শিশুটি পড়ে আছে। তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অষ্টমতলার ওই ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ। তাঁর স্ত্রী মরিয়ম ইমতিয়াজ বলেন, বুধবার রাতে বারান্দায় ওড়না বেঁধে হয়তো মেয়েটি নিচে নামতে চেয়েছিল। তিনি জানান, সে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করেনি। কিন্তু কী কারণে সে ওড়নায় ঝুলে আটতলা থেকে নেমে পালানোর চেষ্টা করেছে, তা বুঝতে পারছেন না তাঁরা। তাঁরা শিশুটিকে নির্যাতন করেননি।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, বাড়ি যেতে না দেওয়ায় হয়তো বাসার বারান্দা দিয়ে ওড়নার সাহায্যে নিচে নামার চেষ্টা করে শিশুটি। একপর্যায়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। শিশুটির মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।