চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

আহত ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীনসহ পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া আহত অন্য ব্যক্তিদের মধ্যে টি আর খান নামের একজন আইনজীবী এবং পোশাক কারখানার ছয়জন শ্রমিক রয়েছেন। তবে তাঁদের কারো অবস্থা গুরুতর নয়। আহত ব্যক্তিদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার আকবর শাহ থানাধীন কাট্টলী টেক্সটাইল কারখানায় দুজন শ্রমিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কারখানার দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে শ্রমিকদের একটি অংশ কারখানাটি স্টেশন রোডে স্থানান্তরের দাবি জানায়। সেই দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মালিকের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তাঁরা আলোচনায় না বসে স্টেশন রোড অবরোধ করেন। তিন শতাধিক শ্রমিকের অবরোধের কারণে স্টেশন রোড এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকদের রাস্তা অবরোধ না করে মালিকের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় পুলিশ। চার-পাঁচজনকে আলোচনায় বসার কথা জানাতে গেলে উচ্ছৃঙ্খল কিছু শ্রমিক পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিপেটা শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন প্রথম আলোকে বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকেরা স্টেশন রোড অবরোধ করেন। আমরা তাঁদের মালিকের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেছিলাম। কিন্তু তাঁরা কথা না শুনে আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টাব্যবস্থা হিসেবে আমরাও ফাঁকা গুলি বর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করি। এতে পাঁচ পুলিশসহ ১০-১২ জন সামান্য আহত হয়েছেন।’

ওই পোশাক কারখানার মালিক এম এ ছালাম প্রথম আলোকে জানান, ‘তুচ্ছ ঘটনার জের ধরে কাট্টলী টেক্সটাইলে দুই শ্রমিকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে দু-চারজন শ্রমিকের প্ররোচনায় কিছু শ্রমিক স্টেশন রোড অবরোধ করেন। আমার কারখানায় বেতন-বোনাস বা বকেয়া নিয়ে কোনো সমস্যা নেই। বেশির ভাগ শ্রমিক ২০-২২ বছর ধরে আমার কারখানায় কাজ করছেন। আমি তাঁদের স্নেহ করি।’

উল্লেখ্য, গত রোজার আগে স্টেশন রোডে অবস্থিত এশিয়ান অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। শ্রমিকদের পর্যাপ্ত সুবিধা না থাকায় এবং বিদেশি ক্রেতাদের চাপে কারখানার মালিক আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় কাট্টলী টেক্সটাইল নামে নতুন কারখানা চালু করেন। এশিয়ান অ্যাপারেলসের শ্রমিকদের নতুন কারখানায় স্থানান্তর করা হয়।