চট্টগ্রামে শ্রমিক মারধরের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বায়েজিদের চা বোর্ড গলিতে অবস্থিত পোশাক কারখানা গ্লোরি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পোশাক শ্রমিকেরা নয় দিনের ব্যবধানে আজ রোববার সকালে আবার বিক্ষোভ করেছেন। এবার দুই সহকর্মীকে মারধরের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ করেন তাঁরা।

এই ঘটনায় অভিযুক্ত কারখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ মফিজকে আটক করেছে পুলিশ। আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁকে মারধরের চেষ্টা করেন।

এর আগে ২ জুলাই কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে এবং ওভারটাইম পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় সড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকেরা। তবে আজ মূল সড়ক অবরোধ করেননি তাঁরা।

কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে কারখানার পঞ্চম তলায় কাজ করার সময় আয়রনম্যান মোহাম্মদ তারেক ও মেশিন অপারেটর সুমি আক্তারকে মারধর করেন তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ মফিজ এবং টেকনিশিয়ান মোহাম্মদ হারুন। এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে শিল্প পুলিশের দুই প্লাটুন সদস্য ও বায়েজিদ বোস্তামী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিকদের বিক্ষোভের মুখে পুলিশ মোহাম্মদ মফিজকে আটক করে।

কারখানাটি সানম্যান গ্রুপের মালিকানাধীন। এখানে প্রায় এক হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। সানম্যান গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিদুল হক দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এপর শ্রমিকেরা কাজে ফিরে যান।

গ্লোরি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই শ্রমিককে মারধর করায় তত্ত্বাবধায়ক মোহাম্মদ মফিজকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ চট্টগ্রামের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বলেন, দুই শ্রমিককে শারীরিকভাবে নিগৃহীত করার অভিযোগে অন্য শ্রমিকেরা বিক্ষোভ করেন। তাঁদের মূল সড়কে নামতে দেওয়া হয়নি। দুই শ্রমিককে মারধর করার অভিযোগে তত্ত্বাবধায়ক মোহাম্মদ মফিজকে আটক করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।