চট্টগ্রামে শ্রমিকদের হামলায় আহত কর্মকর্তার মৃত্যু
শ্রমিকদের হামলায় গুরুতর আহত চট্টগ্রামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা গতকাল শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম শাহাদাত হোসেন ভূঁইয়া। গত বুধবার সকালে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার একটি কারখানায় কাজ তদারকির সময় বহিরাগত ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা তাঁকে কুপিয়ে জখম করেন।
শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। নিহত ব্যক্তির ফুফাতো ভাই মোহাম্মদ খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, আকস্মিক এ ঘটনায় শাহাদাতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা মুষড়ে পড়েছেন। শাহাদাতের স্ত্রী কেবলই কাঁদছেন।
বায়েজিদ থানা পুলিশ জানায়, অক্সিজেনের অদূরে স্টারশিপ কারখানায় নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শাহাদাত হোসেন। এর আগে গত মঙ্গলবার কাজের মান নিয়ে বাইরের ঠিকাদারের নিয়োজিত শ্রমিকদের বকাঝকা করেন তিনি। বুধবার সকালে তিনি কারখানায় গেলে ঠিকাদারের অধীনে থাকা চারজন শ্রমিক তাঁকে কুপিয়ে জখম করেন। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় ওই দিনই হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। এ ঘটনায় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ায় মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হবে।