চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া থানাধীন রাজাখালী মাস্টার কলোনি এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক কিশোর আজ শনিবার ভোর পৌনে চারটায় মারা গেছে। একই ঘটনায় আহত ওই কিশোরের বাবা বদিউল আলম নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাতে আচমকা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আহমেদ ওয়াসিনউন নুর আদেল (১৬)। সে নগরের আইডিয়াল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

আদেলের ফুফা মো. আবুল কালাম ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে জানান, বদিউল আলম পরিবার নিয়ে নগরের দেওয়ানবাজার আফগান মসজিদ এলাকার পৈতৃক বাড়িতে বসবাস করেন। তবে রাজাখালী মাস্টার কলোনি এলাকায়ও তাঁদের পৈতৃক জায়গা রয়েছে। সেখানে নিম্ন আয়ের লোকজনের জন্য কলোনি নির্মাণের কাজে হাত দেন বদিউল আলম। গত শুক্রবার সন্ধ্যায় বদিউল আলমের মিস্ত্রিদের সঙ্গে প্রতিবেশী ভাড়াটে আলমগীরের ঝগড়া হয়। বিষয়টি মিস্ত্রিরা বদিউল আলমকে জানান। বদিউল আলম তাঁর ছেলে আদেলকে নিয়ে শুক্রবার রাতেই প্রায় দুই কিলোমিটার দূরে রাজাখালীর নির্মাণাধীন কলোনির উদ্দেশে রওনা হন।

আবুল কালাম আরও জানান, রাত ১০টার দিকে বদিউল আলম ও তাঁর ছেলে আদেল ঘটনাস্থলে পৌঁছালে আলমগীরের লোকজন তাঁদের ওপর আচমকা হামলা চালায়। হামলাকারীরা ২০-২৫ জন ছিল। মিস্ত্রিদের সঙ্গে ঝগড়ার পর আলমগীর সন্ত্রাসীদের নির্মাণাধীন কলোনিতে নিয়ে আসেন। হামলার পর আহত বাবা-ছেলেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

মেডিকেল সেন্টার নামের ওই ক্লিনিকের চিকিৎ​সক আসিফ আহম্মেদ খান বলেন, রাত তিনটার দিকে বাবা-ছেলেকে এখানে আনা হয়। ছেলেটির বুকের পাঁজর ভেঙে ফুসফুস ফুটো হয়ে যায়। তার শরীরে ছুরির কয়েকটি আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পৌনে চারটার দিকে সে মারা যায়। আর বাবা বদিউল আলমের তলপেটে ছুরির আঘাত আছে ও একটি হাতে গাছের গুঁড়ির আঘাত রয়েছে। আপাতত তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

আদেলের মামা নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ছেলের মৃত্যুর সংবাদ এখনো বদিউলকে জানানো হয়নি। তিনি সিটি করপোরেশনের ঠিকাদার।

বাকলিয়া থানার সেকেন্ড অফিসার ও উপপুলিশ পরিদর্শক (এসআই) মাশরুরুল হক প্রথম আলোকে বলেন, বদিউল আলমের আরও দুই ভাইয়ের কলোনি রয়েছে রাজাখালী এলাকায়। আলমগীর ভাড়াটিয়া হিসেবে বদিউল আলমের ভাই শাহনেওয়াজের কলোনিতে বসবাস করতেন। মিস্ত্রিদের সঙ্গে কথা-কাটাকাটি করে আলমগীর বাইরে থেকে লোকজন এনে জড়ো করেন। তাঁরা বদিউল আলম ও তাঁর ছেলের ওপর হামলা চালান।

বাকলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. বেলাল প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী হামলার ঘটনার পর আলমগীর পালিয়ে গেছেন।