চট্টগ্রামে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় গত বছরের ২৩ সেপ্টেম্বর তহবিল সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ব্যক্তির নাম মো. নূরুন্নবী ওরফে রাজু (৩০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর কলমি এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ সোমবার ভোর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে নূরুন্নবীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগরের সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার বুলবুল আহমেদসহ তিন জেএমবি সদস্য আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁর নাম বলেছিলেন। এরপর তাঁকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সদরঘাট এলাকায় ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। আজ বিকেলে তাঁকে চট্টগ্রাম মহানগর আদালতে পাঠানো হয়েছে।