চট্টগ্রামে সরকারবিরোধী প্রচারপত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সরকারবিরোধী প্রচারপত্র, জিহাদি বইসহ বেলাল হোসেন (৫৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কাজল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, মাঝিরঘাট এলাকায় জামায়াতের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিনটি জিহাদি বই, ২৫টি প্রচারপত্রসহ বেলালকে গ্রেপ্তার করা হয়। প্রচারপত্রে রয়েছে, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে সরকারের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণহত্যা চালাচ্ছে।’
কাজল চৌধুরী বলেন, গ্রেপ্তার বেলাল নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতের সহসভাপতি। অভিযান শুরু হলে তাঁর সহযোগীরা পালিয়ে যান। এই ঘটনায় সদরঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বেলালের বিরুদ্ধে সেনবাগ থানায় নাশকতার ছয়টি মামলা রয়েছে।