চট্টগ্রামে সাত ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরে অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
গত সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন চার বছর কারাগারে থাকার পর মাস দুয়েক আগে জামিনে মুক্তি পান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইয়াসিন (২৫), মো. নেকবার হোসেন (২৬), আজগর আলী (৪০), মো. জসিম উদ্দিন (২৩), মো. আবদুল্লাহ আল নোমান (২৪), মো. ওমর ফারুক (২৫) ও মোহাম্মদ জুয়েল (২০)। তাঁদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি কার্তুজসহ দেশে তৈরি একটি এলজি, দুটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় নগরের শাহ আমানত মার্কেট থেকে মোহাম্মদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে জুয়েলের স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে বাকি ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা গতকাল কোতোয়ালি থানায় সাংবাদিকদের জানান, সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে তাঁরা ছিনতাই করেন। তাঁদের লক্ষ্য থাকে দামি মুঠোফোন ও টাকা।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার নেকবার হোসেন ও আকবর আলী ২০১১ সালের ৪ মে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে চার বছর কারাগারে ছিলেন। মাস দুয়েক আগে জামিনে বেরিয়ে তাঁরা ৪০টি ছিনতাই করেন।