চট্টগ্রামে সাতটি খাবারের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযোগে ওই এলাকার ঢাবা রেস্তোরাঁকে ২০ হাজার ও হান্ডি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিনটি তদারকি দল পৃথকভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও নাসরিন আক্তার, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অধিদপ্তরের অভিযানে নগরের বহদ্দারহাট ও নতুন ব্রিজ এলাকার চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখায় বহদ্দারহাটের কাঁশবন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপরিচ্ছন্নতার জন্য বহদ্দারহাটের আল হাসান বেকারিকে ২০ হাজার টাকা, নতুন ব্রিজ এলাকার ফাতেমা হোটেল ও রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং স্টার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও শান্তা রহমান গতকাল নগরের প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটে অভিযান চালান। অভিযানে তাঁরা বড় কোনো অনিয়ম পাননি। পরে কাজীর দেউড়ি বাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির জন্য দুই সবজি বিক্রেতাকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও উজালা রানি চাকমা নগরের কামাল বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় সাত দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জেলা প্রশাসনের আরেকটি ভ্রাম্যমাণ আদালত ১০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেন। তিনটি রিকশা বায়েজিদ এবং সাতটি চান্দগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম।