চট্টগ্রামে সাতটি হোটেলকে ৮৮ হাজার টাকা জরিমানা
নির্ধারিত মূল্যের চেয়ে কোমল পানীয়র দাম বেশি রাখা, রান্না করা মাংসের সঙ্গে কাঁচা মাংস একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, রান্নাঘর অপরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রাম নগরে সাতটি খাবারের হোটেলকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের চকবাজার ও ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সাত হোটেলকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চকবাজারে অভিযান চালান অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। ষোলশহরে অভিযান চালান চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় চকবাজারের সাদিয়াস কিচেনকে ২০ হাজার টাকা, ফ্রিজে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের জন্য কস্তুরিকা হোটেলকে ১৫ হাজার টাকা, অপরিচ্ছন্ন রান্নাঘরের জন্য ক্যাফে সাতকানিয়াকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে মুরগি সংরক্ষণ, ফ্রিজে বাসি কাবাব সংরক্ষণের অপরাধে ষোলশহরের ক্যাফে আলীকে ২০ হাজার টাকা, নোংরা রান্নাঘর, পচা সস ভোক্তাদের পরিবেশনের দায়ে নবান্ন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পোড়া তেল ব্যবহারের জন্য নেভি হোটেলকে ৮ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতার জন্য আলী আকবর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।