চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার ১৯টি মসজিদে পবিত্র কোরআন শরিফের পাতা ছিঁড়ে রেখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। সরকারকে বেকায়দায় ফেলতেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা এ কাজ করেছেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। তিনি বলেন, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা সফল হওয়ার আগেই তা নস্যাৎ করে দেয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থেকে শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে দুজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ, সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ১৪ জানুয়ারি পুলিশের কাছে খবর আসে, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার ১৯টি মসজিদে পবিত্র কোরআন শরিফের ভেতরের পাতাগুলো ছেঁড়া অবস্থায় পাওয়া যাচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণকে অনুরোধ করা হয়।
পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালানোর ঘটনায় জড়িত সন্দেহে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সাতকানিয়া থেকে চার শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এঁদের একজন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শিবিরের সভাপতি রিয়াদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ২৪ জানুয়ারি আদালতে জবানবন্দি দেন। পরদিন জবানবন্দি দেন গ্রেপ্তার আরেক শিবির কর্মী আসাদুজ্জামান। বাকি দুই শিবির কর্মী মো. আরমান ও আমিনুল ইসলাম জবানবন্দি দেননি। চার শিবির কর্মী এখন কারাগারে রয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে সাতকানিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি তৌফিক এলাহীর সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জামায়াত ও শিবিরের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে মসজিদের ভেতরে রাখা পবিত্র কোরআন শরিফের ভেতরের পাতা ছিঁড়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার পরিকল্পনা করা হয়। এর মাধ্যমে ভিন্নধর্মাবলম্বী মানুষের প্রতি ঘৃণাবোধ তৈরি ও বিদ্বেষ সৃষ্টি করার পরিকল্পনা ছিল তাঁদের। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৯ জানুয়ারি সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকায় গোপন বৈঠক করেন শিবিরের নেতা-কর্মীরা।
গ্রেপ্তার দুই শিবির কর্মী জবানবন্দিতে নগর ও জেলার জামায়াত-শিবিরের যেসব নেতা-কর্মীর নাম উল্লেখ করেছেন, তা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তিনি বলেন, তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।