চট্টগ্রামে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পাঁচ হাজার ৬০০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হোসেন (২২) ও নাছির উদ্দিন (২০)। তাঁদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে জানান, নগরের রাইফেল ক্লাব মার্কেটের পূর্ব গেট এলাকায় জে কে টাওয়ার ইলেকট্রনিকস মার্কেটের সামনে আবুল হোসেন, নাছির ও কালাম নামে তিন ব্যক্তি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলেন। তাঁদের গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পুলিশ তাঁদের অবস্থানের কারণ জানতে গেলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কালাম পালিয়ে যেতে পারলেও অন্য দুজনকে ধরে ফেলে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি প্রাডো জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

সঞ্জয় কুমার সিনহা আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।