চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় কারাদণ্ড
চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম মো. সোহেল। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী সোহেলের কাছ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনায় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা বি এম আবদুল্লাহ মামুন বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরের বছরের ১৬ সেপ্টেম্বর আদালত আসামি সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। আসামি সোহেল জামিনে গিয়ে পলাতক রয়েছেন।