চট্টগ্রামে সোনার বারসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ১৩টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সুলাল ধর, জনি বণিক ও ছোটন ব্রহ্মচারী। গত রোববার সন্ধ্যায় নগরের আকবর শাহ থানার তিন রাস্তার মোড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করে। প্রতিটি বারের ওজন ১৬৬ গ্রাম। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুলাল ধর নগরের হাজারী গলির একটি জুয়েলার্সের মালিক। বাকি দুজন তাঁর সহযোগী।
আনোয়ার হোসেন বলেন, তিনজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।