চট্টগ্রামে স্কুলের ছাত্রাবাস থেকে ১২ জন আটক
চট্টগ্রাম নগরের মোহাম্মদপুরের ইডেন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের পরিচয় এবং কী কারণে আটক করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার এস এম মোবাশ্বের হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেখানে ছাত্রশিবিরের উচ্চপর্যায়ের নেতারা বৈঠক করছিলেন বলে আমাদের কাছে খবর ছিল। তবে আটক ব্যক্তিরা আসলেই শিবির কি না, তা দেখছি।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
ইডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাফর আলম কুতুবী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে স্কুলের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ তাঁদের তাড়া করলে তাঁরা বিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে পড়েন। আটক ব্যক্তিদের চেনেন না বলে দাবি করেন তিনি।
জাফর আলম কুতুবী বলেন, মোহাম্মদপুর এলাকায় তিনতলা একটি ভবনের নিচতলায় বিদ্যালয় এবং তিনতলায় ছাত্রাবাস রয়েছে। দোতলায় বাড়ির মালিক থাকেন। স্কুল অ্যান্ড কলেজ হলেও সেখানে দশম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। আর ছাত্রাবাসে ১০-১৫ জন ছাত্র থাকলেও বর্তমানে সেখানে আছে মাত্র ৩ জন।