চট্টগ্রামে স্টেশন মাস্টার-পুলিশের কক্ষের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ষোলোশহর রেলস্টেশনে আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। একটি ককটেল স্টেশনমাস্টার শাহবুদ্দিনের কক্ষের সামনে এবং আরেকটি ককটেল রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইনের কক্ষের সামনে বিস্ফোরিত হয়।

ষোলোশহর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি উপস্থিত ছিলাম না। পুলিশের একজন কনস্টেবল উপস্থিত ছিলেন। তিনি ককটেল ছুড়ে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন।’

​ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার শাহবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অতীতে অনেক আন্দোলন দেখেছি। তবে এবার প্রথম এমনটা দেখলাম।’

প্রসঙ্গত, অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের রায়ের প্রতিবাদে ছাত্রদল আজ ছাত্র ধর্মঘট ডেকেছে।

ষোলোশহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনগুলো ছেড়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনার পর সকাল সাতটা ৫০ মিনিটের শাটল ট্রেনটি ছাড়েনি। এর পর থেকে সবগুলো শাটল ট্রেন সময়মতো ছেড়েছে বলে ষোলোশহর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।