চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা আক্তার (৩৫) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের ইপিজেড থানার কলসি দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন স্বামী হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগে স্ত্রীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাবিবুর রহমান।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বলেন, বাসা থেকে বের হয়ে পোশাক কারখানায় যাওয়ার সময় পার্শ্ববর্তী রেললাইনের ওপর নিয়ে স্ত্রী রিনা আক্তারকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন হাবিবুর রহমানকে আটক করে পুলিশে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে জানান, পরকীয়া প্রেমে জড়িয়ে স্বামীকে দুদিন আগে তালাক দেন রিনা আক্তার। এতেই ক্ষিপ্ত হয়ে উভয়ের মধ্যে ঝগড়া লাগে। বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার সময় পার্শ্ববর্তী রেললাইনে ছুরিকাঘাত করা হয় স্ত্রীকে।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।