চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার কলসি দীঘিরপাড় এলাকায় স্বামীর ছুরির আঘাতে রিনা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। রিনা ও হাবিবুরের বাড়ি বাগেরহাট জেলায় বলে জানিয়েছে পুলিশ। নিহত রিনা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, আজ সকালে পোশাক কারখানায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন রিনা আক্তার। কলসি দীঘিপাড়ের পাশের রেললাইনে রিনাকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী হাবিবুর রহমান। এতে ঘটনাস্থলে রিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাবিবুর রহমানের বরাত দিয়ে ওসি আবুল মনসুর আরও বলেন, অন্য একজন পুরুষের সঙ্গে রিনার সম্পর্ক ছিল বলে দাবি করেন হাবিবুর। ওই সম্পর্কের জের ধরে দুদিন আগে হাবিবুরকে তালাক দেন রিনা। এ জন্য রিনাকে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন হাবিবুর। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।