চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার গাড়ি লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেনের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে গাড়িটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চকবাজার এলাকার তেলপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার বর্ণনা দিয়ে দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি রড কিনতে চকবাজারের তেলপট্টি মোড়ের একটি দোকানে যান। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িটি সড়কের পাশে রাখা হয়। চালক গাড়িতেই অবস্থান করছিলেন। বিল পরিশোধ করে ফেরার সময় তিনি দেখতে পান কয়েকজন যুবক গাড়ি ভাঙচুর করছে। এ সময় গাড়ির বনেট লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। গাড়িচালক অল্পের জন্য রক্ষা পান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির বিরোধের জের ধরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের গাড়ি ভাঙচুর করে।
গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া প্রসঙ্গে জানতে চাইলে ওসি আজিজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।