চট্টগ্রামে সয়াবিনের নামে পাম তেল বিক্রি, দুটি কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাম অয়েলকে সয়াবিন হিসেবে মোড়কজাত করে বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের অক্সিজেন এবং জালালাবাদ এলাকার দুটি কারখানাকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় বিএসটিআই কর্মকর্তা এবং র্যাব সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।
সিলগালা করা দুটি কারখানা হলো জালালাবাদ এলাকার শাহীন ভেজিটেবল অয়েল এবং অক্সিজেন এলাকার নোমানিয়া ফুড প্রোডাক্টস। এই প্রতিষ্ঠানটির বাজারজাত করা সয়াবিন তেলেন নাম ‘পরিবার’।
শাহীন ভেজিটেবল অয়েল কারখানায় অভিযানের সময় দেখা যায়, পাম তেলকে সয়াবিন তেল হিসেবে মোড়কজাত করা হচ্ছিল। ড্রাম থেকে পাম তেল সরাসরি বোতলে ঢোকানো হচ্ছিল। স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেল বোতলজাত করার নিয়ম থাকলেও এটি মানা হচ্ছিল না। কারখানাটি সিলগালা করা হয়। এই কারখানা থেকে পাঁচ হাজার লিটার নিম্নমানের তেল ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, শাহীন ভেজিটেবল অয়েল কারখানাটি ২০১৩ সালে বিএসটিআইয়ের ছাড়পত্র নিয়েছিল। কিন্তু তারা পাম অয়েলকে সয়াবিন হিসেবে বাজারে বিক্রি করছিল। অন্যদিকে নোমানিয়া ফুড প্রোডাক্টসের কারখানায় গিয়ে তেল পাওয়া যায়নি। তাদের ছাড়পত্রও নেই। কারখানাটি সিলগালা করা হয়েছে।