চট্টগ্রামে হরতালে গাড়ি ভাংচুরের চেষ্টা, আটক ৭
চট্টগ্রামে জামায়াতের ডাকা হরতালের মধ্যে পুলিশ জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে। গত রোববার রাতে নগরের আকবর শাহ এলাকা এবং গতকাল সোমবার নগরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি স্টেশন রোড এলাকায় ২০-২৫ জন জামায়াত-শিবির কর্মী ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পালানোর সময় তিনজনকে আটক করা হয়।
এদিকে নগরের আকবর শাহ থানা এলাকার বিশ্বব্যাংক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জিহাদি বই, প্রচারপত্রসহ চারজনকে আটক করা হয়। এদের মধ্যে বিশ্বব্যাংক আবাসিক এলাকার শিবিরের সভাপতি সাইদুল ইসলামও রয়েছেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ দাবি করেন, আটক জামায়াত-শিবির কর্মীরা হরতালে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
গতকাল সোমবার বন্দর নগর চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। সকাল থেকে রাস্তায় যান চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়িও দেখা গেছে রাস্তায়। তবে দূরপাল্লার কোনো যানবাহন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।