চট্টগ্রামে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪
বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারের পাশে ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।। গতকাল বুধবার রাতে মামলা দুটি হয়। পুলিশ বলছে, আসামিদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চকবাজার থানা-পুলিশ বলছে, এজাহারভুক্ত ১৮ আসামির মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন পলাতক রয়েছেন। পলাতক চারজনই চট্টগ্রাম ও মহসীন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল বুধবার চট্টগ্রাম কলেজের শহীদ মিনারের পাশে ছাত্রলীগের বিজয় দিবসের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রশিবির। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এই ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কলেজের সামনের সড়কটি অবরোধ করে রেখেছিল ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। পরে চট্টগ্রাম কলেজের চারটি ও মহসীন কলেজের দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হলে ছাত্রলীগ অবরোধ কর্মসূচি তুলে নেয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় অস্ত্র আইনে চারজনের বিরুদ্ধে একটি এবং ভাঙচুরের ঘটনায় এই চারজনসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ১২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা আমরা করেছি। অস্ত্র আইনে করা মামলার আসামিদের কাছে চারটি ছোরা পাওয়া গেছে।’
আজিজ আহমেদ আরও বলেন, ‘এজাহারভুক্ত পলাতক চারজন হলেন চট্টগ্রাম ও মহসীন কলেজ শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁদের ধরতে আমাদের অভিযান চলছে।’
আরও জানতে পড়ুন
বিজয় দিবসের সমাবেশে শিবিরের হামলা