চট্টগ্রামের বিভিন্ন কারখানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদেশি নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)। নিষিদ্ধঘোষিত এই জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্য হামলা চালানোর উদ্দেশ্যে
চট্টগ্রাম নগরের পাশের উপজেলা সীতাকুণ্ডে জড়ো হয়েছিলেন। কিন্তু নয় মাস আগে সীতাকুণ্ডে পুলিশের অভিযানে এবিটির সদস্যরা ধরা পড়ে যাওয়ায় তাদের পরিকল্পনা সফল হয়নি।
সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া একটি মামলার অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের ১০ জুলাই সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে মুসয়াব ইবনে উমায়ের ওরফে পিকলুসহ চারজনকে চাপাতিসহ গ্রেপ্তার করে পুলিশ। মুসয়াব ধর্মান্তরিত মুসলমান। পরে তাঁদের দেওয়া তথে৵র ভিত্তিতে সীতাকুণ্ড ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম নয়জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
সীতাকুণ্ডের বেশ কয়েকটি বড় কারখানায় বিদেশিরা কাজ করেন। এর মধ্যে একটি কারখানায় এবিটির সদস্যদের হামলার পরিকল্পনা ছিল বলে তখন পুলিশ বলেছিল।
মামলাটি প্রথমে তদন্ত করেন সীতাকুণ্ড থানার এসআই শরীফুল ইসলাম খান। পরে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক মামলাটির তদন্ত শুরু করেন। ১৮ এপ্রিল এই মামলায় চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলে সংগঠনের অবস্থান জানান দিতে হামলার পরিকল্পনা করেছিল এবিটি। হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন মুসয়াব।
এতে বলা হয়, জেএমবি, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) ও হিযবুত তাহ্রীরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অস্তিত্ব চট্টগ্রামে পাওয়া গেলেও এবিটির তৎপরতা এর আগে দেখা যায়নি।
অভিযোগপত্রভুক্ত নয় আসামি হলেন মুসয়াব ইবনে উমায়ের, মোজাহের উদ্দিন ওরফে রাজীব ওরফে আবদুল্লাহ, ফয়সাল হোসেন ওরফে শিপন, আরিফুল মোস্তফা ওরফে শিপন, তৌহিদুল আলম ওরফে মানিক, মুহাম্মদ খুরশেদুল আলম, রাসেল মোহাম্মদ ইসলাম, জামশেদুল আলম ওরফে হৃদয়, আবদুল কাইয়ুম ওরফে রাব্বি ওরফে আবদুল্লাহ। সব আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এর মধ্যে প্রথম পাঁচজন আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, জবানবন্দিতে মোজাহের উদ্দিন বলেন, ফেসবুকের মাধ্যমে মুসয়াব ও খুরশেদের সঙ্গে তাঁর পরিচয় এবং মোবাইলে যোগাযোগ হতো। মুসয়াব তাঁকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলেন।
জবানবন্দিতে মুসয়াব বলেন, সংগঠনের সদস্য সংগ্রহের আগে আল-কায়েদা নেতা শায়খ আনওয়ার আল আওলাকির বক্তব্য নিয়ে লেখা বই পড়তে বলা হতো এবং এবিটির প্রধান শায়খ জসিম উদ্দিন রাহমানীর বক্তব্য শোনানো হতো।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হামলার আগেই এবিটির সদস্যরা ধরা পড়ে যাওয়ায় তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
মুসয়াব ওরফে পিকলু চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ছনহড়া এলাকার অরুণ কান্তি দাশের ছেলে। গতকাল দুপুরে অরুণ কান্তি প্রথম আলোকে বলেন, পিকলু তাঁর ছেলে নন। দেশ ও জাতির শত্রু। গ্রেপ্তারের আগে পিকলু একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। চার বছর আগে ধর্মান্তরিত হন। এতে পরিবারের কোনো আপত্তি ছিল না। কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তারের পর জানতে পারেন তাঁর ছেলে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা। তাই পিকলু তাঁর ছেলে নন। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন পিকলু। ওই সময় মাদকাসক্ত হওয়ায় তাঁকে বেশ কয়েকবার মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।