চট্টগ্রামে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি ন্যাশনাল হাসপাতাল থেকে ৪০ দিন বয়সী নবজাতক চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার নগরের চকবাজার থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবজাতকের বাবা। এরপর হাসপাতালের ছয়জন নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ২১ মে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার একটি অসুস্থ নবজাতককে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ৪০ দিন বয়সী নবজাতক ফুসফুসের সমস্যায় ভুগছিল। ভর্তির পর শিশুটিকে এনআইসিইউতে (শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়। গত বুধবার দুপুরে হাসপাতালের ৫০২ নম্বর কেবিনে স্থানান্তর করা হয় শিশুটিকে।
চকবাজার থানার এসআই এস এম আতিক উল্লাহ বলেন, বুধবার বেলা ৩টা ৫০ মিনিটের পর কেবিন থেকে শিশুটি চুরি হয়। এ সময় শিশুটির মা কেবিনের বাথরুমে ছিলেন। বাথরুম থেকে এসে দেখতে পান তাঁর বাচ্চা নেই।
নবজাতকের বাবা মো. হোসেন বলেন, বাচ্চা কোথায় গেছে নার্সদের ডেকে জিজ্ঞাসা করলে তাঁরা কিছু বলতে পারেননি।
ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ বলেন, ‘কীভাবে বাচ্চটি নিখোঁজ হলো তা বুঝতে পারছি না। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।’