চট্টগ্রামে হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে পোস্টার লাগানোর সময় চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিন যুবক হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের ছাত্র ইশতিয়াক হোসাইন, ইস্পাহানি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবদুল জাওয়াদ ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্র আহসান আলী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে এবং খিলাফত প্রতিষ্ঠার দাবিতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগানোর সময় পাঁচ যুবককে ধাওয়া দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তিনজনই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে।