চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চট্টগ্রামে আরও তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই তিনজন হিযবুতের প্রচারপত্র বিলি করছিলেন।
তিন শিক্ষার্থী হলেন বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র নাজমুল হুদা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সদ্য এমবিএ পাস করা মো. ইসমাঈল ও সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র মো. আমিরুজ্জামান।
এর আগে গত ২৪ জুলাই নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় লোকজনের সঙ্গে কথা বলার ফাঁকে হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিলির সময় গত মঙ্গলবার রাত আটটার দিকে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হিযবুত তাহ্রীরের সদস্য বলে স্বীকার করেছেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শিক্ষার্থী। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে গ্রেপ্তার করা তিনজনকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।