চট্টগ্রামে হিযবুতের সাত সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের আন্দরকিল্লা জামে মসজিদের সামনে থেকে তাঁদের হাতে থাকা কয়েক শ প্রচারপত্রসহ পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তন্ময় সুফিয়ান, সাফায়েত ইয়াসির ইকবাল, আরিফুল ইসলাম, মোহাম্মদ রায়হান, ইফতেখারুল ইসলাম, আলিফ মোহাম্মদ বিল্লাল ও নূর মোহাম্মদ। তাদের মধ্যে প্রথম দুজন ২০১২ সালেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
তন্ময় সুফিয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ও সাফায়েত ইয়াসির মুহসীন কলেজের ছাত্র। নূর মোহাম্মদ হকার্স মার্কেটের কর্মচারী। বাকি চারজন বিভিন্ন কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে হিযবুতের অর্ধশতাধিক সদস্য প্রচারপত্র বিলি করছিলেন। তখন সাদা পোশাকে থাকা পুলিশ ১২ জনকে আটক করে। পরে সাতজনের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। বাকি পাঁচজন সাধারণ পথচারী, নাকি হিযবুতের সঙ্গে জড়িত, তা যাচাই করে দেখছে পুলিশ।
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’