চট্টগ্রামে হোটেলে যুবলীগ নেতাদের মাতলামি, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সেন্ট মার্টিন হোটেলে যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মদ খেয়ে মাতলামি করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাখাওয়াত হোসেন বাবুল, নগর যুবলীগের সদস্য আলমগীর আলো, কামরুল ও মনছুরুল আমিন।
চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এই নামে যুবলীগের কোনো নেতা-কর্মী নেই। এ ঘটনা ঘটে থাকলে তার দায়দায়িত্ব যুবলীগ কেন নেবে?’
হোটেল সেন্ট মার্টিনের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ ইউসুফ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হোটেলের বারে আসেন চার ব্যক্তি। রাত ১১টায় নিয়ম অনুযায়ী বার বন্ধ করে দেওয়া হয়। এ সময় বার থেকে বের হয়ে তাঁরা হোটেলের দ্বিতীয় তলায় চলে যান। সেখানে গিয়ে আরও মদ চান তাঁরা। না পেয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল ও ধমক দেন। একপর্যায়ে তাঁরা নিজেরা মারামারিতে জড়িয়ে পড়েন। হোটেলে গ্লাস, প্লেটসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এতে হোটেলের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এদিকে হোটেলে ভাঙচুর হচ্ছে খবর পেয়ে ডবলমুরিং থানার পুলিশ রাতে ঘটনাস্থলে যায়। সেখান থেকে যুবলীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়। পরে তাঁদের মেট্রোপলিটন অধ্যাদেশ আইনের ৭৯ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাজী মতিউল ইসলাম বলেন, হোটেলে মদ খেয়ে মাতলামি করার খরব পেয়ে চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভাঙচুরের ঘটনায় হোটেল কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেননি।
হোটেলে ভাঙচুরের ঘটনায় কেন থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি—এ প্রসঙ্গে হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যা করার করা হবে। আমাদের ব্যবসা করতে হবে। ভয়ের মধ্যে আছি।’