চট্টগ্রামে ১ হাজার ইয়াবা বড়িসহ বাবা ও ছেলে গ্রেপ্তার
এক হাজার ইয়াবা বড়িসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের চৌমুহনী কর্ণফুলী বাজার এলাকা থেকে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁরা গ্রেপ্তার হন। গত শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নুরুল আলম ও তাঁর ছেলে মোহাম্মদ মামুন। তাঁদের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিরা কক্সবাজারের টেকনাফ উপজেলার ঝিনাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা ইয়াবা পাচার সিন্ডিকেটের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কর্ণফুলী বাজারের মেসার্স জনতা স্টোরের পাশে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ইয়াবা বড়ি নিয়মিত পাচার করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে গোয়েন্দা অঞ্চলের সহকারী পরিচালক রাজিব মিনা বাদী হয়ে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।