চট্টগ্রামে ১০ মিনিটে দুটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০ মিনিটের ব্যবধানে গতকাল সোমবার রাতে চট্টগ্রামের ইপিজেড মোড় ও বহদ্দারহাট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বহদ্দারহাটের এশিয়ান হাউজিং সোসাইটির সামনে একটি বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে ওই এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পুড়ে যাওয়া বাসের চালকের সহকারী দিদারুল আলম প্রথম আলোকে জানান, বাসটি মেরামত করার জন্য ইপিজেড থেকে বহদ্দারহাট এলাকায় নেওয়া হচ্ছিল। বহদ্দারহাট উড়ালসড়কের নিচে এশিয়ান হাউজিং সোসাইটির সামনে বাসের স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় পাশের রওশন বোর্ডিং গলি থেকে ১০-১২ যুবক এসে বাসে পেট্রলবোমা মারে। আগুন ধরে যাওয়ার পর তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ উড়ালসড়কের ওপর থেকে কয়েকটি গুলি ছোড়ে।

ইপিজেড থানার উপপরিদর্শক শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ইপিজেড মোড়ে একটি বাসে যাত্রীবেশী দু্ই দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার ঘটনা অন্য যাত্রীরা বুঝতে পেরে দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।