চট্টগ্রামে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রাম নগরের বিআরটিসি এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীকে ছুরি মেরে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিষয়টিকে সন্দেহজনক ঘটনা বলে মন্তব্য করছে পুলিশ।
আহত মো. সাদ্দাম (২৭) জি-নেট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের সিম বিক্রি, মুঠোফোনে টাকা লোড ও কার্ড বিক্রি করে থাকে। নগরের নিউমার্কেটের জলসা মার্কেটে প্রতিষ্ঠানের প্রধান অফিস ও চৌমুহনীর জোহরা টাওয়ারে শাখা অফিস রয়েছে। সাদ্দাম ও মোহাম্মদ রাজীব নামের আরেক কর্মী শাখা অফিস থেকে ১২ লাখ টাকা নিয়ে মূল অফিসে যাচ্ছিলেন বলে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান।
জি-নেটের চৌমুহনী শাখার সুপারভাইজার লিটন বড়ুয়া আহত সাদ্দামের বরাত দিয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাজীব শাখা অফিস থেকে বের হয়ে কাজ আছে বলে চলে যান। এরপর সাদ্দাম একাই ১২ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশা করে মূল অফিসে রওনা দেন। পথে বিআরটিসি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা বাঁ পায়ে ছুরি মেরে তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। সাদ্দাম স্থানীয় এক লোকের মুঠোফোন থেকে বিষয়টি অফিসকে জানান। সাদ্দামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি সন্দেহজনক। রাজীবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজীব পুলিশকে জানিয়েছেন, সাদ্দাম চৌমুহনী থেকে সরাসরি মূল অফিসে না গিয়ে আগ্রাবাদের মুহুরি পাড়ায় চলে যান। সেখান থেকে মূল অফিসে যাওয়ার পথে বিআরটিসি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাদ্দাম এতগুলো টাকা নিয়ে সরাসরি মূল অফিসে না গিয়ে কেন মুহুরি পাড়ায় গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।