চট্টগ্রামে ২০৫ ভরি সোনা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগরের হাজারী গলির বিশ্বকর্মা বুলিয়ন জুয়েলার্সের মালিক বিধান ধরের অভিযোগ, গতকাল সোমবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী স্টেশন ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার মো. মেজবাহের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে।
বিধান ধর প্রথম আলোকে বলেন, পুরোনো সোনা গলিয়ে বানানো ২০৫ ভরি সোনার পাত নিয়ে তাঁর দোকানের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দী সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সকালে তাঁরা চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ধরতে পারেননি। এরপর তাঁরা পাহাড়তলী রেলস্টেশনে গিয়েও ঢাকাগামী কোনো ট্রেনের টিকিট পাননি। পরে তাঁরা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ফেনীর টিকিট জোগাড় করেন। ফেনী থেকে তাঁদের ঢাকায় যাওয়ার কথা ছিল।
বিধান ধর বলেন, টিকিট জোগাড়ের পর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি বিশ্বজিৎ ও পলাশকে পাহাড়তলী স্টেশনে হাবিলদার মেজবাহর কক্ষে নিয়ে তল্লাশি করেন। তাঁদের শরীরের সঙ্গে বাঁধা সোনার পাত ছিনিয়ে নিয়ে ওই দুই ব্যক্তি চলে যান। পরে দুই কর্মচারী তাঁকে বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানান। পরে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে থানার পুলিশকে বিষয়টি জানায়। তিনি বলেন, তাঁদের ধারণা, সোনা ছিনিয়ে নেওয়া দুই ব্যক্তি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মী।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সোনার দোকানের দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিৎ এবং হাবিলদার মেজবাহকে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডিবি পরিচয় দেওয়া দুই ব্যক্তি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মী কি না—জানতে চাইলে হিমাংশু দাশ বলেন, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটক মেজবাহ সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা পরিচয় দেওয়া দুই ব্যক্তি ইয়াবা আছে বলে দোকানের দুই কর্মচারীর শরীর তল্লাশি করে। গোয়েন্দা পুলিশ পরিচয়ের দুই ব্যক্তিকে আমি চিনি না।’