চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযানে ২৩ হাজার ইয়াবা বড়ি জব্দ এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে নগরের অক্সিজেন এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মো. সাহাব উদ্দিন, মো. রুবেল, জসীম উদ্দিন ও দেবব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৩ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও ১৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ছাড়া ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এনাম নামের আরেকজনের কাছ থেকে ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার ছয়জন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।