চট্টগ্রামে ৩০ অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের আশপাশের এলাকার ফুটপাত থেকে গতকাল সোমবার অন্তত ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে পুলিশ। গত শনিবার এসব দোকানের দখল-বেদখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) তারেক আহমদ বলেন, ‘দোকানগুলোর দখল-বেদখল নিয়ে গত শনিবার দুটি বিবদমান পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ (সোমবার) অন্তত ৩০টি দোকান উচ্ছেদ করেছি।’

স্থানীয় সূত্র জানায়, কিছু ব্যক্তি জিইসি মোড় থেকে সানমার ওশান সিটি পর্যন্ত ফুটপাতে এসব দোকান বসিয়ে ভাড়া আদায় করতেন। দোকানগুলোর দখল নিয়ে শনিবার মারামারি হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ খুলশী থানায় মামলা করেছে।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০-২৫ জনকে।

পাল্টাপাল্টি ধাওয়া: গতকাল সন্ধ্যায় আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কে ছাত্রলীগ নামধারী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ফুটপাতের দোকানের চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ নামধারী স্থানীয় জালাল উদ্দিন রানা ও সানজিদ-রিফাতের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ফুটপাতে থাকা ১৫-১৬টি দোকান উচ্ছেদ করে।