চট্টগ্রামে ৩২টি সোনার বার উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও নগরের পুরাতন রেলস্টেশন থেকে গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় আটক হয়েছে দুজন।
কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) সেলিম রেজা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত আরিফ মঈনুদ্দিনের লাগেজ তল্লাশি করে ১২টি সোনার বার জব্দ করা হয়। লাগেজের ভেতর একটি চার্জলাইটে এসব বার রাখা ছিল। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এই ঘটনায় আরিফ মঈনুদ্দিনকে আটক করা হয়েছে।
পৃথক অভিযানে গত রাত আটটার দিকে নগরের পুরাতন রেলস্টেশন এলাকায় ২০টি সোনার বারসহ মোহাম্মদ মান্নান নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি অটোরিকশা থামায় পুলিশ। এ সময় গাড়িতে থাকা মান্নানের কাছ থেকে ২০টি সোনার বার জব্দ করা হয়। তবে এসব সোনার বারের মালিক কে এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।