চট্টগ্রামে ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার ডিসি রোডে আজ মঙ্গলবার ​অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ)। ছবিটি দুপুর ১২টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার ডিসি রোডে আজ মঙ্গলবার ​অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ)। ছবিটি দুপুর ১২টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ডিসি রোড এলাকা থেকে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে পাঁচটি ভবনের নকশা বহির্ভূত সামনের অংশ ভেঙে ফেলা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, সিডিএর নির্বাহী প্রকৌশলী ও ‘ডিসি রোড সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। একটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো অপসারণ করা হয়।
প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান বলেন, নগরের ডিসি রোড সম্প্রসারণের জন্য সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত প্রায় ৪০টি আধা পাকা স্থাপনা অপসারণ করা হয়েছে। এসবগুলো দোকান ছিল। এ ছাড়া নকশা অনুযায়ী নির্মাণ না করায় পাঁচটি ভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়।
সিডিএ সূত্র জানায়, ডিসি রোড ১ দশমিক ২২ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৬ সালের জুনে।