চট্টগ্রামে ৫ দোকানকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা
নগরের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী পৃথক অভিযান চালিয়ে পাঁচটি দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এই অভিযান চালায়।
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের সময় উল্লেখ না থাকার কারণে নগরের পাঁচলাইশে প্রবাসী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, বেকারির পরিবেশ ছিল নোংরা এবং অস্বাস্থ্যকর। তাদের দোকান থেকে পোড়া কালো পাম তেল উদ্ধার করা হয়। এ ছাড়া কর্মীরা কাজ করছিলেন খালি হাতে। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল উৎপাদিত বিস্কুটের গায়ে উৎপাদনের তারিখ লেখা ছিল না।
এদিকে দেওয়ানহাট, পাঠানটুলি এলাকায় ভেজালবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। তারা চারটি দোকানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন। তাঁকে সহযোগিতা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে নোংরা পরিবেশের জন্য পাঠানটুলির ইসলাম বেকার্স অ্যান্ড কনফেকশনারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশ এবং খাবারে রং ব্যবহারের দায়ে এস এস ফুডসকে ৫০ হাজার টাকা, পোড়া তেলে খাবার তৈরির দায়ে দেওয়ানহাটের হোটেল সিটি আইকে ১০ হাজার টাকা এবং একই এলাকার নিউ মডেল ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।