চট্টগ্রামে ৯ হাজার ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে নয় হাজার ইয়াবা বড়ি, নগদ অর্থ, মুঠোফোনসহ তিনজনকে আটক করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে নগরের ইপিজেড থানাধীন বক্স আলী মুন্সী রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সৈয়দ আলম, মো. শাহজাহান ও মঞ্জুরুল হোসেন। র্যাবের ভাষ্য, এই তিনজন মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহউদ্দিন আহমেদ বলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে নয় হাজার ইয়াবা বড়ি, ৫ লাখ ২৮ হাজার টাকা, ১২টি মোবাইল ফোনসেট, একটি স্যাটেলাইট ফেনেসেট, একটি ভিডিও ক্যামেরা ও একটি চাইনিজ চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তার দাবি, চক্রটি বাড়িভাড়া করে দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তারা নগরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করত।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।