চট্টগ্রামে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। গত বুধবার গভীর রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া এসব ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এ ঘটনায় নৌযানটি আটক করা হয়েছে।
নৌবাহিনীর মিডিয়া সেল জানায়, নৌবাহিনীর কমান্ডার আসওয়াদ রাসেলের নেতৃত্বে সোয়াত দলের ১০ সদস্যের একটি দল স্পিডবোটের মাধ্যমে এ অভিযান চালায়। ইয়াবা বহনকারী ট্রলারটি শনাক্ত হওয়ার পর নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তীরের কাছাকাছি এসে ট্রলারটি রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌবাহিনীর সদস্যরা উপকূল থেকে নৌযানটি জব্দ করেন। তাঁরা এতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন।
নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং জব্দ ট্রলারটি শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে এসব ইয়াবা পাচার করে চট্টগ্রামে আনা হচ্ছিল।