চট্টগ্রামে 'ছেলের ছুরিকাঘাতে' মা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ছুরিকাঘাতে রওশন আরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রাত আটটার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকায় এই ঘটনা ঘটে।

রওশন আরা বেগম মোহরা এলাকার এনামুল হকের স্ত্রী। পুলিশ সূত্রের ভাষ্যমতে, রওশান আরার ছেলে জহিরুল হক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, রাত আটটার দিকে জহিরুল ইসলাম তাঁর মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, জহিরুল ক্যানসারের রোগী। টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছিল না। এ জন্য তিনি অবসাদগ্রস্ত ছিলেন। ঘটনার পর জহিরুল পালিয়ে যান।

পুলিশ রওশন আরা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রডের আঘাতে নিহত: নগরের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীতে গত সোমবার রাতে রডের আঘাতে চন্দন বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  এ ঘটনায় নিহত চন্দনের স্ত্রী উজ্জ্বলা বিশ্বাস প্রতিবেশী বিশু দেবনাথকে (৪৫) আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, চন্দন বিশ্বাস ও বিশু দেবনাথ দক্ষিণ কাট্টলীর লবণপাড়ার বাসিন্দা। বিশু দেবনাথ সোমবার রাত সাড়ে ১০টার দিকে চিৎকার করে তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। এ সময় প্রতিবেশী চন্দন বিশ্বাস অভিযোগ করেন, প্রতি রাতে তাঁদের ঝগড়ার জন্য প্রতিবেশীরা ঘুমাতে পারেন না। চন্দনের এ কথায় ক্ষিপ্ত হয়ে বিশু দেবনাথ লোহার রড দিয়ে তাঁর (চন্দন) মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চন্দনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চন্দনের মৃত্যু হয়।